সেরেনাকে হারিয়ে ফাইনালে বেনচিচ

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৭:২৩
 
অঘটনের জন্ম দিয়ে রজার্স কাপে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন বেলিন্দা বেনচিচ। সেমি-ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়েছেন সুইস এই তরুণী।
 
কানাডার টরেন্টোতে শনিবার যুক্তরাষ্ট্রের সেরেনাকে ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে হারান বেনচিচ।
 
এ বছরে ৪৫টি ম্যাচ খেলে সেরেনার এটা দ্বিতীয় হার। এরই মধ্যে বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে নেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। এ মাসের শেষের দিকে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে লড়বেন ৩৩ বছর বয়সী সেরেনা।
 
ফাইনালে রবিবার ১৮ বছর বয়সী বেনচিচের প্রতিপক্ষ রোমানিয়ার সিমোনা হালেপ। ইতালির সারা ইরানিকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি।