আর্সেনালের ‘সৌভাগ্য প্রসূত’ জয়

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ২১:৪৯
 
ইলিংশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রিস্টাল প্যালেসের  বিপক্ষে ২-১ গোলের সৌভাগ্যপ্রসূত জয় পেয়েছে আর্সেনাল। ডিফেন্ডার ডামিয়েন ডেল্যানে আত্মঘাতী গোল করে জয় উপহার দেন আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের।
 
প্রথম ম্যাচে নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামের বিপক্ষে হারের পর গতকাল জয়ের জন্যই প্রতিজ্ঞাবদ্ধ ছিল আর্সেনাল। জ্যাক উইলশেয়ার এবং ড্যানি ওয়েলব্যাক ইনজুরির কারণে না খেলতে পারলেও শুরুর একাদশে ছিলেন ছুটি কাটিয়ে আসা চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেজ।
 
খেলার ১৬ মিনিটে মেসুত ওজিলের চমত্কার ক্রস থেকে গোল করে গানারদের এগিয়ে দেন ফেঞ্চ স্টাইকার ওলিভার জিরু। কিন্তু ১২ মিনিট পর প্যালেসের হয়ে ক্যারিয়ারে দ্বিতীয় গোল করে ঈগলদের সমতায় ফেরান জোয়েল ওয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে কোচ অ্যালান প্যারডিউর দলের উপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে আর্সেনাল। যদিও এ সময় প্যালেসও একটি গোলের সহজ সুযোগ নষ্ট করে। ৫৫ মিনিটে সানচেজের হেড বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন ডেল্যানে।
ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েঙ্গারের দল।