বাংলাদেশ সফরে টেস্ট দলে ফিরতে চান ম্যাক্সওয়েল

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৩:২৫
 
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি স্কোয়াডে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল নির্ভরযোগ্য হলেও টেস্টে তার স্থানটি তেমন পাকাপোক্ত নয়। তবে এখন সেখানে নিজের জায়গাটি দৃঢ় করতে চান ম্যাক্সওয়েল।
 
আসন্ন বাংলাদেশ সফরে দলে ফিরে নিজের সেরা পারফরমেন্সটা দিতে মুখিয়ে থাকা এই তারকা বলেন, দ্রুতই অস্ট্রেলিয়া টেস্ট দলে ফিরতে চাই। সেটি হলে, দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করার চেষ্টা করব।
 
কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন ম্যাক্সওয়েল। সেই আত্মবিশ্বাস থেকেই দ্রুতই অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ফিরতে চান তিনি। এজন্য বাংলাদেশ সফরকে টার্গেট করেছেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘কাউন্টিতে এবারের মৌসুমে ভালো পারফরমেন্স করেছি। শেষ দশ ম্যাচের মধ্যে চারটি হাফ-সেঞ্চুরি ও দুইটি সেঞ্চুরি ছিল। আমার মনে হয়, টেস্ট খেলার মতো সামর্থ্য এখন আমার হয়েছে। বড় ফরম্যাটে খেলার মতো মানসিকতা তৈরি হয়েছে আমার। তাই টেস্ট স্কোয়াডে ফিরতে চাই। সেটি যদি বাংলাদেশ সফরে হয় তবে দারুণ হবে।
 
টেস্ট ফেরার ইচ্ছা পোষণ করেছেন ম্যাক্সয়েল। তবে ফিরে আবারো বাদ পড়তে রাজি নন তিনি। এবার ফিরলে জায়গাটি পাকাপোক্ত করার বাসনা তার। তিনি বলেন, এর আগে দু’দফায় অস্ট্রেলিয়া টেস্ট দলে সুযোগ পেয়েছিলাম। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ৩টি ম্যাচ খেলেছিলাম। কিন্তু দলের হয়ে খুব ভালো পারফরমেন্স করতে পারিনি। তাই বাদ পড়তে হয়েছে। তবে আগামীতে সুযোগ পেয়ে সেটি হতে দেবো না। সুযোগ পেলে জাতীয় দলে নিজের জায়গাটি এবার পাকাপোক্ত করবো। অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে ধারাবাহিকভাবে খেলতে পারাটা হবে অনেক বড় ব্যাপার।
 
ম্যাক্সওয়েল বলেন, যদি আগের সফরগুলো দিকে লক্ষ্য করা যায়, তবে দেখা যাবে আমি বল হাতে ভালো করেছি। ভারতের বিপক্ষে দুই টেস্টে ৭ উইকেট নিয়েছিলাম। সেবার অলরাউন্ডার হিসেবে দলকেই সার্ভিস দিয়েছিলাম। তবে পাকিস্তানের বিপক্ষে সেটি দিতে পারিনি। ভবিষ্যতে দলে সুযোগ পেলে অলরাউন্ডার হিসেবেই খেলার ইচ্ছা আছে আমার।
 
ম্যাক্সওয়েল ৪৯টি ওয়ানডে ও ২৪ টি-২০ ম্যাচে ম্যাক্সওয়েল যথাক্রমে ১৩৬৭ ও ৩৪৩ রান করেছেন। আর স্ট্রাইক রেট ওয়ানডেতে ১২৬ দশমিক ৬৯ ও টি-২০তে ১৬৩ দশমিক ৩৩। এই দুই ফরম্যাটে বল হাতে বেশ পারদর্শিতা দেখিয়েছেন তিনি।
 
তবে টেস্টের পরিসংখ্যান মোটেও উজ্জ্বল নয় ম্যাক্সওয়েল। এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন। রান করেছেন মাত্র ৮০।-বাসস।