রিয়ালের সাথে চুক্তি নবায়ন করলেন রামোস

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৬:২৩
 
নিজের ভবিষ্যত নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সাথে নতুন করে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন অধিনায়ক সার্জিও রামোস। ক্লাব সূত্রে সোমবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
 
দলবদলের বাজারে গুজব ছিল রামোস হয়তা স্প্যানিশ জায়ান্ট ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন। আগের চুক্তি অনুযায়ী, ২০১৭ সালের জুন পর্যন্ত রিয়ালের সাথে তার মেয়াদ ছিল। কিন্তু মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজের সাথে বেতন নিয়ে মতবিরোধের জেড় ধরে অনেকেই ধারনা করেছিল স্প্যানিশ এই জাতীয় দলের ডিফেন্ডার হয়তবা ইংলিশ প্রিমিয়ার লীগে পাড়ি জমাচ্ছেন। যদিও ক্লাবের এক বিবৃবিতে নিশ্চিত করা হয়েছে আগামী পাঁচ বছরের জন্য সার্জিও রিয়ালেই থাকছেন।
 
সোমবার স্থানীয় সময় দুপুরে ক্লাবের সানতিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পেরেজ এবং রামোস উভয়ই উপস্থিত থেকে চুক্তির ঘোষণা দেন। স্প্যানিশ গনমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন চুক্তি অনুযায়ী রামোস এক মৌসুমে ১০ মিলিয়ন ইউরো (১১.১ মিলিয়ন মার্কিন ডলার, ৭.১ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত আয় করবেন।
 
পুরো গ্রীষ্ম জুড়েই রামোসের ব্যপারে ইউনাইটেড রিয়ালের সাথে আলোচনা চালিয়ে গেছে। চলতি মাসের শেষে এই ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে। রিয়াল এখনো আশা করে রামোসের জাতীয় দলের সতীর্থ ডেভিড ডি গিয়াকে তারা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে উড়িয়ে আনতে পারবেন।
 
দশ বছর আগে সেভিয়ার থেকে মাত্র ১৯ বছর বয়সে মাদ্রিদে যোগ দিয়েছিলেন রামোস। নতুন চুক্তি অনুযায়ী রামোসই এখন রিয়ালের সবচেয়ে পুরনো খেলোয়াড়। ১৮ বছরের ক্যারিয়ার শেষে অধিনায়ক ইকার ক্যাসিয়াস গত মাসে পোর্তোতে চলে যাওয়ায় দলের নেতৃত্বের দায়িত্বও প্রথমবারের মত রামোসের উপর অর্পিত হয়েছে। সবচেয়ে বেশী লাল কার্ড অর্জনের বাজে একটি রেকর্ডের মালিক হলেও রিয়াল সমর্থকদের মধ্যে রামোস এখনো নায়ক। ২০১৪ সালে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তার দেয়া গোলটি এখনো সমর্থকদের মনে উজ্জ্বল হয়ে আছে। স্টপেজ টাইমে হেডের সাহায্যে তার দেয়া গোলেই ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। পরবর্তীতে সতীর্থদের দূর্দান্ত পারফরমেন্সে ৪-১ গোলের জয়ের মাধ্যমে দারুন এক জয় তুলে নেয় গ্যালাকটিকোরা। রিয়ালের হয়ে রামোস তিনটি লা লিগা, দুটি কোপা ডেল রে অর্জন করেছেন। এছাড়া স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশীপ তো রয়েছেই।
খবর বাসসের।