স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পিছিয়ে থেকে শিরোপা হারানোর কারণ হিসেবে খেলোয়াড়দের ক্লান্তিকেই দায়ী করেছেন বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেস। তার মতে, গত সপ্তাহে ইউরোপীয়ান সুপার কাপে সেভিয়ার বিপক্ষে কঠিন এক জয়ের পরে নিজেদের আবারো ফাইনালের জন্য প্রস্তুত করে তোলার সময় পায়নি খেলোয়াড়রা।
প্রথম লেগে বিলবাওয়ের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরে গতকাল ক্যাম্প ন্যুতে ১-১ গোলে ড্র হয়। এর মাধ্যমে ৩১ বছর পরে বিলবাও প্রথমবারের মতো কোনো শিরোপা জেতার স্বাদ পেল। প্রথমার্ধে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির গোলে এগিয়ে যায় কাতালানরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার জেরার্ড পিকের লাল কার্ডে ছন্দ হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেই সুযোগে ম্যাচে সমতা ফেরায় বিলবাও।
আলভেস বলেছেন, ইউয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে পুরো ১২০ মিনিট খেলার পরে খেলোয়াড়রা বেশ পরিশ্রান্ত হয়ে পড়েছিল। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পেড্রোর গোলে অবশেষে কোনরকমে ৫-৪ গোলের জয় নিয়ে শিরোপাসহ মাঠ ছাড়ে বার্সা। সে কারণেই বিলবাওয়ের বিপক্ষে সবাই শতভাগ ফিট ছিল না। তবে এরপরেও এই পরাজয়ের কোন ক্ষমা নেই বলেই তিনি দাবী করেছেন। যে ধরনের শক্তিশালী পারফরমেন্স দেখানো উচিত ছিল তা মোটেই দেখাতে পারেনি। সে কারণেই দুটি ম্যাচেই অনেক ভুল হয়েছে। তবে পিকের লাল কার্ডটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মানছেন আলভেস।
