পঞ্চগড়ের ছিটমহল: ৪৪০ জন ভারতীয় নাগরিক হচ্ছে

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৮:৪০
পঞ্চগড়ে যৌথ জনগণনার পর সদ্য বিলুপ্ত বিভিন্ন ছিটমহল থেকে ভারতে যাওয়ার আবেদন বাতিল করায় নতুন করে যৌথ শুনানি শুরু হয়েছে। গত ৬ থেকে ১৬ জুলাই যৌথ জনগণনার সময় পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলের ৪৬৭ জন বাসিন্দা ভারতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে ফরম পূরণ করেন। এদের মধ্যে ৩১ জন তাদের মত বদলিয়ে বাংলাদেশে থাকার জন্য নতুন করে আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলা ডাক বাংলোতে উভয় দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানি শুরু হয়। শুনানিতে ভারতের পক্ষে কুচবিহার জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট নুর আলম ও বাংলাদেশের পক্ষে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম এবং দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। শুনানি শেষে ৩১ জনের মধ্যে চারজন ভারতে যাবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বাকি ২৭ জন বাংলাদেশি নাগরিক হিসেবে থেকে যাবে। পঞ্চগড়ের ৩৬টি ছিটমহল এলাকা থেকে ৪৪০ জন নাগরিকের ভারতে যাওয়ার জন্য তালিকা চুড়ান্ত হল।   
 
দহলা খাগড়াবাড়ি ছিটমহলের রঞ্জিত বর্মন বলেন, ‘আমরা পরিবারের ১০ জন সদস্য জনগণনার সময় ভুল করে ভারতে যাওয়ার জন্য আবেদন ফরম পূরণ করেছিলাম। আমরা ভুল বুঝতে পেরে ভারতে না যাওয়ার জন্য নতুন করে আবেদন করি। যৌথ শুনানিতে আমাদের ডাকা হয়েছিল। শুনানিতে সাফ জানিয়ে দিয়েছি আমরা বাংলাদেশি নাগরিক হিসেবেই থাকতে চাই।’
 
ভারতের কুচবিহার জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট নুর আলম এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।