জিএসপি পুনর্বহালে শর্ত পূরণের পরামর্শ

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ২০:১৭
 
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা বা জিএসপি ফিরে পেতে বেধে দেয়া শর্ত বাস্তবায়নে আরো অগ্রগতি সাধনের পরামর্শ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
 
তিনি বলেন, ‘জিএসপি পুনর্বহালের জন্য যে ১৬টি কর্মপরিকল্পনা (শর্ত) দেয়া হয়েছিল, তা বাস্তবায়নের ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে। তবে এখনেও কিছু ক্ষেত্রে আরো অগ্রগতি করার প্রয়োজন রয়েছে। যেমন, শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়নের স্বাধীনতা প্রদান, কারখানা পরিদর্শন মুল্যায়ন তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং শ্রম আইন বাস্তবায়নের মত বিষয়ে আরো অগ্রগতির প্রয়োজন রয়েছে। এসব ক্ষেত্রে অগ্রগতির প্রচেষ্টায় মার্কিন সরকার বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী আছে।’
 
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে এক বৈঠকশেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এসব কথা বলেন।
 
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও কানাডার হাইকমিশনার বিনোট-পিয়েরি লারানি, ডেনিশ রাষ্ট্রদূত হ্যানি ফুগল ইসকেজার, নেদারল্যান্ড দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মার্টিন ভ্যান হুগস্ট্রাটেন ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার (ডিএফআইডি) আবাসিক প্রতিনিধি অংশ নেন।
 
বৈঠকে বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও শ্রম সচিব মিকাইল শিপার প্রমুখ উপস্থিত ছিলেন।