আগামী সপ্তাহে ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে সাত বছরের খরা কাটিয়ে আবারো দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক পুনর্জাগরণের আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাহরিয়ার খান।
আগামী ২৩ ও ২৪ আগস্ট পাকিস্তানী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নয়া দিল্লি সফরে যাবেন। ধারণা করা হচ্ছে আলোচনার টেবিলে দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্থান পাবে।
আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট সিরিজ নিয়ে পাকিস্তানের প্রস্তাবের বিপরীতে ভারত এখনো কিছু জানায়নি। বেশ কিছুদিন ধরেই ভারতের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে পাকিস্তান ক্রিকেট। ২০০৭ সালের পর পূর্ণাঙ্গ কোন সিরিজে মুখোমুখি হয়নি দেশ দুটি। গত মাসে ভারতের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলার পর সিরিজ আয়োজনের সম্ভাবনা আরো কমে গেছে।
এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। কিন্তু এরপরেও শাহরিয়ার খান আশা করেন দুই দেশের মধ্যকার আসন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে সমস্যার সমাধান হবে।
এ সম্পর্কে শাহরিয়ার খান স্থানীয় সাংবাদিকদের বলেছেন, সারতাজ আজিজ আগামী সপ্তাহে নয়া দিল্লিতে যাচ্ছেন এবং ইতিমধ্যেই তার সাথে আমার আলোচনা হয়েছে। যদি তার এই সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে পারে তবে আমি মনে করি ইন্দো-পাক ক্রিকেটে সিরিজের সুযোগ বেশ খানিকটা বেড়ে যাবে।
উল্লেখ্য ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সব ধরনের ক্রীড়া সম্পর্ক বাতিল করে ভারত। কিন্তু গত বছর দুই দেশের ক্রিকেটর বোর্ডের মধ্যে সমঝোতার আলোকে ২০১৫-২০২৩ সালের মধ্যে ছয়টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়। এ সম্পর্কিত চুক্তিতেও স্বাক্ষর করে দেশ দুটি। তবে সব সিরিজের আগেই ভারতীয় সরকারের সবুজ সঙ্কেতের শর্তের বিষয়টিও সমঝোতা স্মারকে জুড়ে দেয়া হয়।
ভারতীয় বোর্ড ক্রিকেটের জন্য দুই দেশের মধ্যে সহায়ক রাজনৈতিক পরিবেশ চায়। কিন্তু শাহরিয়ার খান মনে করেন ক্রিকেট ও রাজনীতি একসাথে চলতে পারে না। দুটি ভিন্ন বিষয়। সূত্র: বাসস
