চেলসিতে যোগ দিচ্ছেন রদ্রিগেজ

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৪:২৯
স্প্যানিশ উইঙ্গার পেদ্রো রদ্রিগেজকে দলে নিতে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন চেলসিতেই নাম লেখাতে যাচ্ছেন এই বার্সা তারকা। 
 
বিবিসির তথ্য অনুযায়ী জানা গেছে, ৩০ মিলিয়ন ইউরোর (৩২.৯ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে বর্তমান চ্যাম্পিয়নদের সাথে চুক্তি করতে যাচ্ছেন পেড্রো। ইতোমধ্যেই দলবদলের সবকিছু চূড়ান্ত করতে লন্ডনে রওয়ানা হয়েছেন ২৮ বছর বয়সী এই উইঙ্গার।
 
সবকিছু ঠিকঠাক থাকলে পেদ্রোকে ঘিড়ে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে দীর্ঘ জল্পনা কল্পনার অপেক্ষার অবসান হবে। প্রথম থেকেই অবশ্য তাকে দলে নিতে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ প্রকাশ করেছিল। তবে এর মধ্যে ওল্ড ট্র্রাফোর্ডের ক্লাবটিই অন্য সকলের থেকে এগিয়ে ছিল। 
 
সেভিয়ার বিপক্ষে গত সপ্তাগে টিবিলিসিতে ইউয়েফা সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময়ে পেদ্রোর জয়সূচক গোলেই ৫-৪ গোলের নাটকীয় জয়ের মাধ্যমে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে অবশ্য আক্রমণভাগের তিন তারকা লিয়নেল মেসি, নেইমার এবং লুইস সুয়ারেজের কারণে কোচ লুইস এনরিকের বিবেচনায় নিয়মিত মূল একাদশে খেলা হয়নি পেদ্রোর।