অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে লাল কার্ড পেয়েছিলেন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে। শাস্তি স্বরূপ তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পিকের এই শাস্তির বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
সোমবার ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা ঘরে তুলে বিলবাও। ম্যাচ শেষে রেফারি ভেলাসকো কারবালো তার রিপোর্টে লিখেছেন, সহকারী রেফারির প্রতি অশোভন ভাষায় কথা বলেছেন পিকে।
তবে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেও রেফারির প্রতি কোন খারাপ ভাষা ব্যবহার করেননি বলে দাবি করেছেন পিকে। টুইটার বার্তায় পিকে লিখেছেন, লাইন্সম্যানের কাছে প্রতিবাদ করার ভঙ্গিমাটা ভালো ছিল না বিধায় আমি ক্ষমা চাচ্ছি। এটা ছিল অনেক টেনশনের একটা ম্যাচ, আমাদের কাছে এর মূল্য ছিল অনেক কিছু।
বার্সেলোনার এক বিবৃবিতে বলা হয়েছে, জেরার্ড পিকের চার ম্যাচের বহিষ্কারাদেশের বিপক্ষে ক্লাবের পক্ষ থেকে আপিল কমিটির কাছে আপিল করা হবে। আপিল করার জন্য ক্লাবের হাতে দশদিন সময় রয়েছে।-বাসস।
