আসন্ন সিরি-আ মৌসুমের জন্য বেশ কয়েকটি দল নিজেদের শক্তিশালী করেই গড়ে তুলেছে। আর সে কারণেই জুভেন্টাসের সামনে কঠিন এক মৌসুম অপেক্ষা করছে বলেই সতর্ক করেছেন দলটির অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক গিয়ানলুইগি বুফন। তার মতে রোমা, এসি মিলান এবং নাপোলি এবারের মৌসুমে জুভেন্টাসের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মুখিয়ে আছে।
গত মৌসুমে ১৭ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করা তুরিনের দলটি ২০১৫-১৬ মৌসুমে টানা পঞ্চম শিরোপার জন্যই মাঠে নামবে। সেই লক্ষ্যে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টরা এবার দলে ভিড়িয়েছে পাওলো ডিবালা, মারিও মানজুকিচ, সামি খেদিরা, সিমোনে জাজার মতো তারকাদের। কিন্তু তারপরেও বুফন মনে করেন গত আসরের রানার্স-আপ রোমাও নিজেদের ঘর গোছানোতে বসে ছিল না। তাদের দলে এবার এসেছে এডিন জেকো, মোহামেদ সালাহ, ওজিচেচ সিজিসনি। তাছাড়া নতুন কোচের অধীনে মিলান ও নাপোলিও নতুন পরিকল্পনা নিয়েই মাঠে নামবে।
স্থানীয় গণমাধ্যমে বুফন বলেছেন, শক্তিশালী দল হওয়া সত্তেও শিরোপার ব্যপারে কেউই নিশ্চিত নয়। এবার বেশ কয়েকটি দলই পুনর্গঠিত হয়ে সিরি-আ খেলতে এসেছে। দারুণ উজ্জীবিতভাবেই তারা নতুন মৌসুম শুরু করতে চায়। শিরোপার জন্য আমাদের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া দলগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। দলবদলের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এবারের গ্রীষ্মে বিশেষ করে রোমা দারুণভাবে নিজেদের ঘর গুছিয়েছে। নতুন কোচ সিসিনা মিহালোভিচের অধীনে মিলানকে নিয়েও ভয় আছে। বিশেষ করে তাদের সামনে যেহেতু ইউরোপিয়ান কোনো খেলা নেই তাই তারা লিগে ভাল করতে যথাযথ প্রস্তুতি গ্রহণ করছে। মরিজিও সারির অধীনে নাপোলিও সমর্থকদের সামনে বিস্ময়কর কিছু নিয়েই উপস্থিত হবে বলে আমি বিশ্বাস করি।
