স্মিথের ১১ সেঞ্চুরির মধ্যে ১০টিই প্রথম ইনিংসে

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ২০:৫৩
 
ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। টেস্ট ক্যারিয়ারের এটি তার ১১তম সেঞ্চুরি। এরমধ্যে ১০টি সেঞ্চুরিই ম্যাচের প্রথম ইনিংসে করেছেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১টি সেঞ্চুরি রয়েছে তার। কিন্তু তৃতীয় ও চতুর্থ ইনিংসে কোন সেঞ্চুরিই নেই স্মিথের। 

ওভাল টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৫২ বলে ১৪৩ রানের নান্দনিক ইনিংস খেলেন স্মিথ। ইনিংসে ১৭টি চার ও ২টি ছক্কার মার ছিল। ইংল্যান্ডের বিপক্ষে নিজের পঞ্চম সেঞ্চুরি হাঁকান স্মিথ। 

স্মিথের এমন ইনিংসের উপর ভর করেই সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোর দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। অবশ্য এই টেস্টের ফলাফল কোন প্রভাব ফেলবে না এবারের অ্যাশেজ সিরিজে। কারণ চতুর্থ টেস্ট জিতে সিরিজ জয় আগেভাগেই নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড।