লা লিগার প্রথম গোলটি সহজেই পেয়ে যেতে পারতেন লিওনেল মেসি। কিন্তু পেনাল্টি মিস করে সেই সুযোগ হারিয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে লুইস সুয়ারেজের দারুণ এক গোলে আথলেতিকো বিলবাওকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছেন চ্যাম্পিয়নরা।
স্প্যানিশ সুপার কাপে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বড় পরাজয়ের পর আথলেতিকো বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করাটা বার্সেলোনার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। স্যান ম্যামেসে বার্সার রক্ষণে নিষেধাজ্ঞায় থাকা জেরার্ড পিকে ও আক্রমণে অসুস্থতার কারণে নেইমারের অনুপস্থিতিটাও ছিলো দলের জন্য নেতিবাচক। ম্যাচ শুরু হওয়ার পরপর বেশ কয়েকটি বিপদজনক আক্রমণ করে আথলেতিকো। কিন্তু বার্সা ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পায়।
প্রথমার্ধের ৩০ মিনিটে সুয়ারেজ আথলেতিকের ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি স্পট কিক নেওয়ার সুযোগ পায় বার্সা। তবে সেই সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা পূর্ণ আধিপত্য নিয়ে খেলে এবং ম্যাচের ৫৪ মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করেন সুয়ারেজ। ম্যাচের শেষের দিকে মেসির স্বভাবসুলভ দৌড়ে আরো একটি গোল যোগ করে ফেলেছিলেন প্রায়। কিন্তু আথলেতিকোর গোলরক্ষক ইরাইজোজ সে প্রচেষ্টা ব্যর্থ করে দেন। তবে সুয়ারেজের একমাত্র গোলটিই পূর্ণ তিন পয়েন্টের জন্য যথেষ্ট ছিলো।
তবে বার্সেলোনার জন্য দুশ্চিন্তার একটা কারণ হচ্ছে সার্জিও বুসকেটস ও দানি আলভেজ। এই ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছেন তারা। আবার কবে মাঠে নামতে পারবেন এই দুই খেলোয়ার, তা স্পষ্ট নয়।
