আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৪:২৭


আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। ধুবুরির বিলাসিপাড়ায় দুইদিন আগে ভেসে যাওয়া বিয়ে বাড়ির গাড়িটি রবিবার উদ্ধার করা হয়েছে। তার ভেতর থেকে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে।  

এই বন্যায় এখন পর্যন্ত রাজ্যে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। কোকড়াঝাড় ও লাখিমপুরে ২ জন, বিজনি, বঙাইগাঁও, বাক্সা ও শোনিতপুরে একজন করে মারা যাওয়ার খবর এসেছে। শুধু ধুবুরি জেলাতেই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় টেলিযোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। বহু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে।

পুলিশ জানায়, এনডিআরএফ ও সেনাবাহিনী তল­াশি চালিয়ে ওইদিন কাদায় আটকে থাকা অবস্থায় এলেংপাড়া থেকে ভেসে যাওয়া বিয়ে বাড়ির গাড়িটির সন্ধান পায়। কাদা থেকে গাড়িটি তুলে ভেতরে তিন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে ধুবুরির সংসদ সদস্য বদরউদ্দিন আজমল বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেন্দ্রের কাছে অবিলম্বে ১ হাজার কোটি টাকা দাবি করেছেন।

তিনি বলেন, ‘এখন রাজনীতি করার সময় নয়। সকলকে হাতে হাত মিলিয়ে ত্রাণে নামতে হবে।’ রাজ্যের ১৯টি জলা এখন বন্যাকবলিত। বন্যাদুর্গতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে।

আসামের রাজস্ব মন্ত্রী ভূমিধর বর্মণ ও পানি সম্পদ মন্ত্রী বসন্ত দাস কোকরাঝাড়ে বন্যাদুর্গত এলাকায় পরিদর্শন করেছেন।