১৩ বছর পর চালু হচ্ছে রাজশাহী ও ঠাকুরগাঁও রেশম কারখানা

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১৬:০১
 
১৩ বছর পর সরকারি ব্যবস্থাপনাতে চালু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী রাজশাহী ও ঠাকুরগাঁও রেশম কারখানা। সোমবার বিকাল তিনটায় সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদরের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। মঙ্গলবার তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। 
 
ফজলে হোসেন বাদশা বলেন, রেশম কারখানা চালুর ব্যাপারে আমি আগেও সংসদে সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছি। এটি রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। কারখানা চালু হলে রেশম শিল্প তার হারানো ঐতিহ্য ফিরে পাবে ও এটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করে বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে।
 
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ নভেম্বর লোকসানের অজুহাতে রাজশাহী ও ঠাকুরগাঁও রেশম কারখানা বন্ধ করে দেয় তত্কালীন সরকার। এরপর রেশম বোর্ড বেসরকারি ব্যবস্থাপনায় কারখানা দুইটি পরিচালনার উদ্যোগ নেয়। এই লক্ষ্যে ২০০৭ সালে প্রাইভেটাইজেশন কমিশনের হাতে কারখানা দুইটি ছেড়ে দেয়া হয়। এই বিষয়ে দরপত্র আহ্বান করা হলেও তা বাতিল হয়ে যায়। এরপর থেকে আর কোনো উদ্যোগ না থাকলেও এই বছর আবারো কারখানা দুইটি সরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত হয়।