ধীরগতির ওভার রেটের জন্য ইংল্যান্ডের জরিমানা

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১৬:৩৭
 
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ টেস্ট সিরিজ এবার ভিন্ন এক রেকর্ড হয়েছে। কোনো ম্যাচই পাঁচদিনে গড়ায়নি। এর মধ্যে দুটি আবার শেষ হয়েছে তিনদিনেই। সব মিলিয়ে পাঁচ টেস্ট শেষ হতে মাত্র ১৮ দিন সময় ব্যয় হয়েছে। অথচ এর মধ্যেই ওভালে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে স্বাগতিক ইংল্যান্ডকে।
 
দক্ষিণ লন্ডনে অনুষ্ঠিত ম্যাচটিতে ইংল্যান্ড ইনিংস ও ৪৬ রানে পরাজিত হয়। কিন্তু এই ম্যাচে অ্যালিস্টার কুকের দল নির্ধারিত ওভারের তুলনায় দুই ওভার কম করেছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ম্যাচ রেফারি জেফ ক্রো। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয়ী হয়েছে। 
 
ধীর গতির ওভার রেটের কারণে অধিনায়ক কুককে তার ম্যাচ ফির ৪০ শতাংশ এবং তার সতীর্থদের প্রত্যেককে ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
খবর বাসসের।