আইপিএলে খেলতে চান ক্লার্ক

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১১:১৭
 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে খেলার ইচ্ছা পোষণ করেছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজের আগে নিজের অবসর নিয়ে চিন্তাই করেননি ক্লার্ক। তবে চতুর্থ টেস্টে সিরিজ হার নিশ্চিতের হবার পরই অবসরের ঘোষণা দেন তিনি।
 
তবে ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টুর্নামেন্টে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক হিসেবে ২০১৬ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন তিনি। শুধু নিজ দেশের ঘরোয়া ক্রিকেটেই নয়, ভারতের টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্ট আইপিএলেও খেলার ইচ্ছা পোষণ করেছেন ক্লার্ক।
 
ক্লার্ক বলেন, কিছুদিন হলো আইপিএলে খেলার বিষয় নিয়ে আমি ভেবেছি। তবে এখনো এটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্বান্ত নেইনি। তবে আইপিএলে খেলার ইচ্ছা আমার রয়েছে। সেখানে আবারো খেলতে পারলে দারুণ হবে। কারণ, ঐ টুর্নামেন্টটি খুবই আনন্দায়ক ও রোমাঞ্চকর।’
 
আইপিএলের ২০১২ মৌসুমে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন ৩৪ বছর বয়সী ক্লার্ক। সেসময় ভাল পারফরমেন্স করতে পারেননি তিনি। ৬ ম্যাচে ৯৮ রান করেছিলেন ক্লার্ক। গড় ছিলো ১৬ দশমিক ৩৩। আর স্ট্রাইক রেট ছিলো ১০৪ দশমিক ২৫। বল হাতেও উইকেট শিকার করেছেন দুইবার।-বাসস।