মাঠের চেয়ে মাঠের বাইরের কীর্তির জন্যই বেশি শিরোনাম হন মারিও বালোতেল্লি। তাই এক বছর লিভারপুলে কাটিয়ে আবার এসি মিলানে ফেরত যাওয়া এই ইতালিয়ান স্ট্রাইকারকে নিয়ন্ত্রণে তার চুক্তিতে বিশেষ কিছু আচরণবিধি যোগ করা হয়েছে।
ইতালিয়ান ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো জানিয়েছে বালেতেল্লিকে নিয়ন্ত্রণে তার চুক্তিতে বিশেষ কিছু ধারা মেনে চলতে হবে। এসি মিলানের প্রচলিত কোড অব কনডাক্টই যথেষ্ট কড়াকড়ি। কারণ এটি ইতালিয়ান এয়ার ফোর্সের প্রচলিত নিয়মাবলীর উপর ভিত্তি করে তৈরি। বালোতেল্লিকে সেই ধারাগুলোর পাশাপাশি ধূমপান থেকে বিরত থাকতে হবে। রাতে বেশি বাইরে থাকা যাবে না। অ্যালকোহল গ্রহণও খুব কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হবে।
উদ্ভট পোষাক ও চুলের স্টাইলের জন্য খ্যাত বালোতেল্লিকে ভদ্র পোষাক পরিধানেও বাধ্য করা হবে! শুধু তাই নয় চুক্তি অনুসারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বালোতেল্লির কর্মকাণ্ড ক্লাব নিয়ন্ত্রণ করবে!
উল্লেখ্য, গত বছর এসি মিলান থেকে লিভারপুলে এসে চরম ভাবে ব্যর্থ হওয়ার পর আবারও এসি মিলানে ফেরত এসেছেন তিনি। লিভারপুলের হয়ে ১৬ প্রিমিয়ার লিগে মাত্র ১ গোল করা বালোতেল্লি এসি মিলানের হয়ে প্রথম মেয়াদে ৫৪ ম্যাচে ৩ গোল করেছিলেন।
