রুনির হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১০:০০
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করতে না পারার হতাশায় থাকা ওয়েইন রুনি দারুণ এক হ্যাটট্রিকে ফিরে এলেন। ইংলিশ এই স্ট্রাইকারের নৈপুণ্যে ক্লাব ব্রুজকে উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।
 
বুধবার রাতে ম্যাচে ইউনাইটেডের ৪-০ ব্যবধানের জয়ে অন্য গোলটি করেন আন্দের এররেরা। বেলজিয়ামের ক্লাবটির বিপক্ষে দুই লেগ মিলে ৭-১ ব্যবধানে জিতল লুই ফন খালের দল।
 
বিশ মিনিটে রুনির গোলটিতে দারুণ অবদান ছিল মেমফিস ডিপাইয়ের। ডাচ এই স্ট্রাইকার বাঁদিক থেকে বল পায়ে দুই জনের বাধা এড়িয়ে কিছুটা আড়াআড়ি দৌড়ে পাস দেন ডি বক্সে থাকা রুনিকে। বল ধরে ১০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন রুনি। ক্লাবের হয়ে ১০ ম্যাচ পর গোল পেলেন রুনি। 
 
দ্বিতীয়ার্ধে খেলতে নামা ইউনাইটেড রুনির নৈপুণ্যে অল্প সময়ের মধ্যে ব্যবধান ৩-০ করে ফেলে। আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ২৯ বছর বয়সী এই তারকা।