বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে সাইকেলযোগে যাত্রা

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৫:২৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং স্বপ্নকে নবীনদের মধ্যে ছড়িয়ে দিতে ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বারো জন শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুরে সাইকেল যোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। 
 
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে এ সাইকেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এ সময় রেজিস্ট্রার প্রফেসর মো মমিনুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক  আফসানা মৌসুমী, শিক্ষক সমিতির সভাপতি ড. মো: জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক  মুহাম্মদ মুশফিকুর রহমান ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। একই সময় ভিসি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
 
টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রাকারী শিক্ষার্থী আহমাদ উল্লাহ, মাহমুদ তানভীর হোসেন, শামীম আলম, হাফিজ উল্লাহ, মাশুকুর রহমান, নাজমুস সাকিব সাদী, শাকিল আহমেদ, সুতীর্থ সরকার, আসাফ উদ দৌলা, হৃদয় মজুমদার, মোহাম্মদ মুকাররম এবং গোলাম জিলানী পথের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বিএম কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরির্দশন করবেন।