নাইজেরিয়ার বোকো হারাম কর্তৃক স্কুলে হামলা চালিয়ে দুই শতাধিক বালিকাকে অপহরণের ৫০০তম দিবস পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। এখনো হদিসহীন সেই শিক্ষার্থীদের ফিরে পেতে পথ চেয়ে রয়েছে তাদের পরিবারের সদস্যরা। খবর এএফপির।
২০১৪ সালের ১৪ এপ্রিল বর্নো প্রদেশের চিবকে হামলা করে ২৭৬ বালিকাকে অপহরণ করে বোকো হারাম। জিম্মিদশা থেকে ৫৭ জন পরিত্রাণ পেয়েছেন। কিন্তু অপর ২১৯ জনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বোকো হারামের ভিডিওতে একশর মতো বালিকাকে মুসলিম পোশাকে এবং ধর্মগ্রন্থ কোরান পাঠ করতে দেখা গেছে।
বোকো হারামের নেতা আবুবকর শেকাও এর আগে ভিডিওবার্তায় বলেছিলেন, অপহূতদের সবাই ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এবং তারা সবাই বিয়ে করেছেন।
মোহাম্মদু বুহারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর নাইজেরিয়ায় হামলা আরও বাড়িয়েছে বোকো হারামের যোদ্ধারা। গত তিন মাসে তাদের হামলায় নিহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। তাই অপহূতদের উদ্ধারের আশা স্তিমিত হয়ে পড়েছে।
কট্টরপন্থী ইসলামি অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সশস্ত্র লড়াই করছে বোকো হারাম। ছয় বছরের এই যুদ্ধে অন্তত ১৩ হাজার মানুষ নিহত হয়েছে।
