লিগের দ্বিতীয় ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদ আর ছাড় দিতে রাজি নয়। তার একটি নমুনা দেখা গেল বেতিসের বিপক্ষে। যদিও প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা তবে এই ম্যাচে স্প্যানিশ লিগের জায়ান্ট রিয়াল মাদ্রিদ বেতিসের জালে পাঁচ গোল দিয়েছে।
দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো না পারলেও জোড়া গোল করেছেন হামেস রদ্রিগেস ও গ্যারেথ বেল। অপর গোলটি করেছেন করিম বেনজামা। তিন ফুটবলারের অসাধারণ নৈপুণ্যে রিয়াল বেতিসকে ৫-০ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে ৭০৮৭৬ দর্শকের সামনে জ্বলে উঠতে সময় নেয়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর বাঁশি বাজার দ্বিতীয় মিনিটেই লিড নেয় দলটি। ওয়েলসের উইঙ্গার বেল রিয়ালের হয়ে মৌসুমের প্রথম গোলটি করেন। রদ্রিগেসের ক্রস থেকে হেড দিয়ে গোলটি করেন বেল। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেস। ফ্রি কিকে ডি বক্সের বাইরে থেকে বাম পায়ের কোনাকুনি শটে কলাম্বিয়ান এই তারকা স্কোরলাইন ২-০ করেন।
এরপর বিরতিতে যায় রিয়াল। ফিরেই আবারও স্বাগতিক দর্শকদের মাতিয়ে তোলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে বেলের ক্রস থেকে অসাধারণ হেড দিয়ে মৌসুমে নিজের প্রথম গোল করেন বেনজামা। তিন মিনিটের ব্যবধানে রদ্রিগেস রিয়ালকে আবারো এগিয়ে দেন। ডি বক্সের ভিতরে বাইসাইকেল শটে নিজের দ্বিতীয় গোলের স্বাদ পান এই তরুণ কলাম্বিয়ান।
শেষ বাঁশি বাজার এক মিনিট পূর্বে বেতিসের জালে শেষ গোলটি ঠুকে দেন গ্যারেথ বেল। ডি বক্সের ২৫ গজ দূর থেকে বাঁ পায়ে শট নিয়ে বেতিসের জালে পাঠাতে ভুল করেননি বেল।
এর আগে ম্যাচের ৬১তম মিনিটে একটি গোল পরিশোধের সুযোগ পেয়েছিল বেতিস। কিন্তু পেনাল্টি থেকেও গোল আদায় করতে ব্যর্থ হয় সফরকারীরা।
লিগের প্রথম ম্যাচে স্পোর্টিং গিহনের সঙ্গে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ।
