গোল্ডবার্গের প্রথম ব্র্যান্ডশপ চালু

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ২১:৪৯

বাংলাদেশি মোবাইল হ্যান্ডসেট কোম্পানি গোল্ডবার্গের প্রথম ব্র্যান্ডশপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের চতুর্থ তলায় ব্র্যান্ডশপটি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান।

এ সময় গোল্ডবার্গের প্রধান বিপণন কর্মকর্তা রাসেল আহমেদ, স্থানীয় পরিবেশকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রথম ব্র্যান্ডশপ উন্মোচন অনুষ্ঠানে আবরার রহমান জানান, আগামী সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসেই সারাদেশে নিয়মিত ব্র্যান্ডশপ চালু করা হবে। দেশের প্রান্তিক গ্রাহকদের কাছে পৌঁছতে প্রথম পর্যায়ে বিভাগীয় শহর এবং চলতি বছরের মধ্যেই ৬৪ জেলা শহরে নিজস্ব ব্র্যান্ডশপ উন্মোচন করা হবে। ঢাকার পর নতুন ব্র্যান্ডশপের অপেক্ষমাণ তালিকায় রয়েছে চট্টগ্রাম। এদিকে ব্র্যান্ডশপ চালুর আগেই দেশের ৬৪ জেলা শহরে গোল্ডবার্গের পরিবেশক থেকে হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। গ্রাহক সেবার জন্য ইতোমধ্যে ১৮টি ইয়োর কেয়ার সেন্টার নামে গ্রাহক সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়া একই ধরণের সেবা দেশের ৬৪ জেলার কালেকশন পয়েন্ট থেকেও পাওয়া যাবে।