অ্যাথলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে হারালো সেভিয়াকে

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ০৯:৩০
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারাই রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। রবিবার রাতে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ লিগের অন্যতম সেরা এই দলটি। অ্যাথলেটিকো মাদ্রিদের এটি টানা দ্বিতীয় জয়।
 
সেভিয়ার মাঠ সানচেস পিহুয়ান স্টেডিয়ামে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে একটি করে গোল করেন কোকে, গাবি ও জ্যাকসন মার্টিনেজ।
 
দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে রয়েছে ‘এইবার’। তাদের পয়েন্টও ছয়। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ‘এইবার’। দুইয়ে রয়েছে সেলটা  ডি ভিগো। তাদের পয়েন্টও ছয়।
 
রবিবার রাতে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে অ্যাথলেটিকো মাদ্রিদ। আক্রমণে সেভিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে মাদ্রিদ। তবে গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৩৫ মিনিটে কোকের গোলে লিড নেয় তারা। আন্তোইনে গ্রিজমানের বাড়ানো পাস থেকে ডান পায়ের শটে সেভিয়ার জালে বল পাঠান কোকে। ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় অ্যাথেলেটিকো মাদ্রিদ। 
 
ম্যাচের ৭৮ মিনিটে দ্বিতীয় গোল পায় সফরকারীরা। থিয়াগোর বাড়ানো পাস থেকে ডি বক্সের ২৫ গজ দূর থেকে শট নিয়ে গোল করেন গাবি। এর সাত মিনিট পর স্কোর লাইন ৩-০ করেন মার্টিনেজ। গ্রিজমানের বাড়ানো পাস লক্ষ্যভেদ করতে ভুল করেননি মার্টিনেজ।