রানা দাশগুপ্তকে দেয়া প্রশাসনের নোটিশ প্রত্যাহারের দাবি

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৮:৩১

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে দেওয়া প্রশাসনের  নোটিশ প্রত্যাহার এবং স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন কর্তৃক ফরিদপুরে হিন্দু বাড়ী দখলের ঘটনায় সুপ্রীম কোর্টের একজন জৈষ্ঠ্য বিচারকের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত করে সত্য ঘটনা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ ফ্রান্স শাখা।


রবিবার স্থানীয় সময় বিকেল ৪ টায় প্যারিসের ক্যাথসীমায় সোনার বাংলা  রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়।


বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ ফ্রান্স শাখার সভাপতি শ্রী দ্বীপ বড়ুয়া নিপুর সভাপতিত্বে ও নন্দন কুমার ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী রজত রায়, সাংস্কৃতিক সংগঠক সুব্রত ভট্রাচার্য শুভ, ব্যবসায়ী তাপস বড়ুয়া রিপন, সাংবাদিক দেবেশ বড়ুয়া, প্রদীপ দাশ, সুশীল বনিক, মাধব কান্তি দে, ছোটন বড়ুয়া, সুনন্দন বড়ুয়া, বাসুদেব ধর, বিমল নাথ, মনতোষ বড়ুয়াসহ আরো অনেকে।

IMG0


প্রতিবাদ সভার আলোচনায় বলা হয়, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকা সত্ত্বেও আওয়ামী লীগ তথা সরকার ও প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা মৌলবাদী ও সাম্প্রদায়িক চক্রের এমন  কার্যকলাপ বন্ধ করে অতিসত্ত্বর রানা দাশগুপ্তকে প্রেরিত নোটিশ প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।

 

বক্তারা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃ্ত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে। কিন্ত এখন তথাকথিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দলের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে সংখ্যালঘুদের ঘর-বাড়ি দখলে নেমেছে যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা অবিলম্বে তথাকথিত এই নব্য আওয়ামীগ নেতাদের দল থেকে বহিষ্কার ও সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়, সরকার এই ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ না করলে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ ফ্রান্স শাখা, প্রগতিমনা ও অসাম্প্রদায়িক প্রবাসীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। প্রতিবাদ সভায় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে দেয়া ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।