ফুটবল বিশ্বকাপ বাছাই

বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন গোলরক্ষক রায়ানও

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ০০:৪৮

বাংলাদেশ এবং তাজিকিস্তানের বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের আগে একের পর এক ইনজুরির খবর শুনতে হচ্ছে অস্ট্রেলিয়া ফুটবল দলকে। রবিবার সর্বশেষ এই তালিকায় যোগ দিয়েছেন সকারুদের তারকা গোলরক্ষক ম্যাট রায়ান। হঠাত্ চোটে পড়ায় তিন সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্থের নিব স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশের বিপক্ষে তো বটেই, স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার এই গোলরক্ষক। চোটের কারণে বিশ্বকাপের বাছাইয়ের দল থেকে আগেই বাদ পড়ে গেছেন নিয়মিত অধিনায়ক মাইল জেডিন্যাক, টমি জুরিচ ও রবি ক্রস।

 
অস্ট্রেলিয়াকে রায়ানের ইনজুরির খবর শুনতে হয় রবিবার রাতে। ভ্যালেন্সিয়ার হয়ে লা লিগার ম্যাচে ডেপোর্তিভো লা করুণা’র মাঠে খেলার সময় হাঁটুতে চোট পান তিনি। খেলাটি শেষেই পার্থে জাতীয় দলে যোগ দেয়ার কথা ছিলো ২৩ বছর বয়সী এই গোলরক্ষকের। রায়ানের চোটের কারণে দলে ডাক পেতে পারেন অ্যাডিলেড ইউনাইটেডের গোলরক্ষক ইউজেনি গ্যালেকোভিক। তবে ম্যাচে শুরুর একাদশে রায়ানের স্থলে অ্যাডাম ফেডারিচিকেই দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিকল্প হিসেবে থাকছেন অ্যালেক্স সিস্যাক।
 
আন্তর্জাতিক ফুটবলে দ্রুত জায়গা করে নেয়ায় গোলরক্ষক রায়ানকে আগামী দিনের অস্ট্রেলিয়া দলের বড় তারকা ভাবা হয়ে থাকে। সম্প্রতি লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ায় নাম লেখানোয় ইউরোপের বড় বড় ক্লাবগুলোর সানিধ্য পাওয়ার ও নিজেকে প্রমাণ করার সুযোগ তৈরি হয়েছে এই অজি গোলরক্ষকের সামনে।
 
বিশ্বকাপ বাছাইয়ের ঠিক আগে রায়ানকে হারানোয় হতাশা ব্যক্ত করেছেন সকারুদের কোচ অ্যানজে পোস্তেকগলু। যদিও বাছাই পর্বে ফিফার ১৭০ নম্বর র্যাংঙ্কিধারী বাংলাদেশের বিপক্ষে নিঃসন্দেহেই ফেভারিট থাকছে ৬১ নম্বর র্যাংঙ্কিধারী অস্ট্রেলিয়া। ফলে নিয়মিত গোলরক্ষক রায়ানের অনুপস্থিতিতেও চিন্তার কোনো কারণ নেই স্বাগতিকদের। তাদের আসল চিন্তা আগামী সপ্তাহে স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে।
 
একের পর এক চোটের ধকলেও বাংলাদেশের বিপক্ষে খুব একটা শক্তি কমছে না স্বাগতিক সকারুদের। কেননা দলটির সবচেয়ে বড় তারকা টিম কাহিল খেলার জন্য পুরো প্রস্তুত রয়েছেন। এছাড়া কোচ পোস্তেকগলু চোটাক্রান্তদের বিকল্পও এরই মধ্যে খুঁজে নিয়েছেন। জেডিন্যাক, জুরিচ ও ক্রুসের জায়গায় ডাক পেয়েছেন মিডফিল্ডার লুক ব্র্যাট্যান ও দুই স্ট্রাইকার বেন হ্যালোরান ও ক্রিস ইকোনোমিদিস।
 
জেডিন্যাক ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। অন্যদিকে ইনজুরি থেকে ফিরলেও ফিটনেস সমস্যার কারণে খেলতে পারবেন না স্টাইকার জুরিচ এবং জার্মান বুন্দেশলিগায় খেলা উইঙ্গার রবি ক্রুস। তাদের পরিবর্তে দলে ডাকা হয়েছে মিডফিল্ডার লুক ব্র্যাট্যান, স্টাইকার বেন হ্যালোরান ক্রিস ইকোনোমিদিসকে।
 

চোটের ধাক্কার পরও বিশ্বকাপের বাছাইয়ের আগে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া শিবির। এমনটাই জানালেন দলের মিডফিল্ডার ম্যাট ম্যাককে। তিনি বলেন, ‘আমি মনে করি এখনো দলে ভারসাম্য আছে। আমরা দলে কিছু খেলোয়াড় পেয়েছি, যারা দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের অনেকেই ইউরোপের ক্লাবগুলোতে ছিলো এবং গোল পাচ্ছিলো। আর এটাই দলের জন্য দারুণ একটা ব্যাপার।’—এবিসি নিউজ