বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বুধবারও ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি পড়ছে।
আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশের উপর মৌসুমী বায়ুর প্রভাব সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত হচ্ছে।
IMG0
গতকালের মতো যানজট সৃষ্টি না হলেও বৃষ্টির কারণে যান চলাচলে দেখা দিয়েছে ধীর গতি। সিএনজি ও রিকশার সংখ্যাও কম। এতে বাইরে বের হয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন নগরবাসীরা। বৃষ্টি ও পানি উপেক্ষা করেই কর্মস্থলে ছুটতে হচ্ছে। দুর্ভেোগ পড়ছে শিক্ষার্থীরাও।
আজ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, হাজারীবাগের কিছু অংশ, শুক্রাবাদ, ধানমন্ডি ২৭ নম্বর, মিরপুর রোড, মগবাজার, মৌচাক, মালিবাগ, রামপুরা, শাহজাদপুর গ্রিন রোড, ফার্মগেট, বিজয় সরণী, খিলক্ষেত ও উত্তরার কিছু অংশে বিভিন্ন সড়কে পানি জমতে দেখা গেছে।
IMG1
মঙ্গলবার মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাঁটুপানিসহ কোথাও কোথাও কোমর পানিও জমে যায়। এর সঙ্গে যোগ হয় যানজট। যানজট নিরসনে ট্রাফিক পুলিশদেরও হিমশিম খেতে হয়।
