ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার এবং এন্ডি মারে । যদিও টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রচন্ড গরমের কারণে প্রথম রাউন্ড থেকে ম্যাচ শেষ না করেই আরো পাঁচজন অবসর নিয়েছেন। দুই দিন মিলিয়ে প্রথম রাউন্ডে এই তালিকা ১০ জনে পরিণত হলো যা একটি বিরল রেকর্ডের জন্ম দিয়েছে।
দ্বিতীয় বাছাই আর্জেন্টাইন ৩৪ নম্বর লিওনার্দো মায়ারের বিপক্ষে সহজ জয় পেয়েছেন ফেদেরার। মাত্র ৭৭ মিনিটে আর্থার এ্যাশে স্টেডিয়ামে ফেদেরার ৬-১, ৬-২, ৬-২ গেমের জয় তুলে নিয়েছেন। ইউএস ওপেনের ইতিহাসে গত ৪৫ বছর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হবার সুযোগ রয়েছে সুইস এই তারকার সামনে।
ম্যাচ শেষে ৩৪ বছর বয়সী ফেদেরার বলেন, "আমি এখন ভাল অনুভব করছি। গতকালও আমি এতটা আত্মবিশ্বাসী ছিলাম না। মনে হচ্ছিল ম্যাচটা অন্য আরো কয়েকটি ম্যাচের মতই স্বাভাবিক হবে যেখানে আমি নিজেকে মেলে ধরতে পারবো না।" দ্বিতীয় রাউন্ডে ১৭বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর প্রতিপক্ষ বেলজিয়ামের স্টিভ ডার্সিস।
এদিকে তৃতীয় বাছাই এন্ডি মারে প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ান নিক কিরগোয়িসকে ৭-৫, ৬-৩, ৪-৬, ৬-১ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এই নিয়ে নিকের বিপক্ষে চারবারের মোকাবেলায় চতুর্থ জয় তুলে নিলেন মারে। চলতি বছর গ্র্যান্ড স্ল্যামেই তিনবার দেখা হয়েছে এই দুজনের। ২০১০ সালের পরে নিউইয়র্কে অন্তত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বৃটিশ তারকা মারে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোর মুখোমুখি হবেন। চলতি মাসের শেষে ডেভিস কাপের সেমিফাইনালে বিশ্বের ৩৭ নম্বর খেলোয়াড় কিরগোয়িস আবারও মারের মোকাবেলা করবেন।
প্রথম রাউন্ডেই চতুর্থ বাছাই কেই নিশিকোরিকে হারিয়ে জাপান কিছুটা হতাশ হলেও তাদের ১৯ বছর বয়সী ইয়োশিহিতো নিশিওকা কিছুটা হলেও এশিয়ান ভাগ্য টিকিয়ে রেখেছেন। ফ্রান্সের বাছাই খেলোয়াড় পল হেনরি ম্যাথিউর বিপক্ষে প্রথম রাউন্ডে তিনি ৬-৪, ২-৬, ৬-৭ (৭/৯), ৬-১, ৬-২ গেমের কষ্টার্জিত জয় পেয়েছেন।
