পগবার ট্রান্সফার মূল্য ১০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৫৩

ভবিষ্যতে পল পগবাকে নিতে হলে আগ্রহী ক্লাবগুলোকে ১০০ মিলিয়ন ইউরোর বেশী খরচ করতে হবে বলে দাবী করেছেন জুভেন্টাসের প্রধান নির্বাহী গিসেপ্পি মারোত্তা।

তারকা এই মিডফিল্ডার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মারোত্তা এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা যেহেতু শিরোপা ধরে রাখতে চাই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পগবার মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ধরে রাখতে। যদিও তার ব্যপারে আমরা বেশ কয়েকটি শীর্ষ ক্লাবের কাছ থেকেই প্রস্তাব পেয়েছিলাম। আমি নিশ্চিত ভবিষ্যতে তার ট্রান্সফার মূল্য ১০০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে।

দূর্দান্ত গতি ও শক্তির সাথে অসাধারণ প্রতিভার সমন্বয় খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়। অথচ এসব কিছুই রয়েছে ২২ বছর বয়সী এই ফ্রেঞ্চম্যানের মধ্যে। আর সেটা বুঝতে পেরেই ২০১২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পগবাকে তুরিনের ক্লাবটিতে উড়িয়ে নিয়ে আসে জুভেন্টাস কর্তৃপক্ষ। পগবা আসার পর থেকে ইতালিয়ান ফুটবলে জুভেন্টাস নিজেদের অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। গত চার বছর ধরে টানা সিরি'আ শিরোপা ধরে রেখেছে জুভরা। যদিও এবারের লীগে প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি।

এর পিছনে অবশ্য দলের তারকা খেলোয়াড়দের দলত্যাগের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে মারোত্তা। তার মতে আন্দ্রে পিরলো, আরতুরো ভিদাল, কার্লোস তেভেজদের বদলী খেলোয়াড় পাওয়া কষ্টসাধ্য। তাদের অনুপস্থিতি দল অবশ্যই অনুভব করবে। তবে নতুন জুভেন্টাসকে এখন জয়ের মানসিকতায় ফিরতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। গত মৌসুমের তুলনায় এবার আরো ভাল করার মানে হলো চ্যাম্পিয়নস লীগ জয় করা, যা সত্যিই কঠিন বলেও মোরাত্তা মন্তব্য করেছেন।