প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১০:৪১
অ্যাশেজে হারের প্রতিশোধ নেয়া শুরু করেছে অস্ট্রেলিয়া। সাউদ্যাম্পটনে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে ৫৯ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল স্টিভেন স্মিথের দল।
ওয়ানডে ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট ও ফাস্ট আউট ফিল্ডে টসে জিতে ব্যাটিং নিয়ে ইংল্যান্ডকে ৩০৫ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। টপ অর্ডারে অধিনায়ক স্মিথের ৪৪, ডেভিড ওয়ার্নার ৫৯ ও জো বার্নসের ৪৪ বড় স্কোরের ভিত্তি গড়ে দেয়। সেখান থেকে সপ্তম উইকেটে ম্যাথিউ ওয়েড ও মিচেল মার্শ ১১২ রানের জুটিতে ৩০০ পেরোয় অস্ট্রেলিয়া। ওয়েড ৫০ বলে ৭১ রান করেন এবং মিচেল মার্শ করেন ৪০ রান। ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ৫৯ রান দিয়ে চার উইকেট নেন। জবাবে ইংল্যান্ডের শুরুটা দারুণ ছিল। দুই ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলস মিলে বিনা উইকেটে ৭০ রান তুলে ফেলেছিলেন। হেলস ফিরে গেলেও রয় ৬৪ বলে ৬৭ রান করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ইনিংসের ৩৬ তম ওভার করতে এসে ইয়ন মর্গানকে তুলে নেন শেন ওয়াটসন। এর পরের ওভার করতে এসে পর পর দুই বলে জস বাটলার ও ক্রিস ওকসকে ফেরান নাথান কোল্টার নিল। ১৯৪/৪ থেকে মাত্র চার বলে ১৯৪/৭এ পরিণত হয় ইংল্যান্ডের স্কোরকার্ড। ইংল্যান্ড অলআউট  হয়ে যায় ২৪৬ রানের মধ্যেই। দু’টি করে উইকেট নিয়েছেন শেন ওয়াটসন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান কোল্টার নিল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ম্যাথিউ ওয়েড। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আগামীকাল শনিবার লর্ডসে অনুষ্ঠিত হবে। ক্রিকইনফো ।