গাজীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্কে দর্শণার্থীর মধ্যে সংঘর্ষ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ২১:৫০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের ইদ্রপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে শুক্রবার বিকেলে দুই দল দর্শণার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্ক কর্তৃপক্ষ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনার সময় পার্কের আসা কয়েক হাজার দর্শণার্থীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকার তেজগাঁও এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ ছয় যুবক ওই সাফারী পার্কে বেড়াতে যায়। শ্রীপুরের মুলাইদ এলাকার আলাল মাষ্টারের ছেলে-মেয়েসহ কয়েকজন আত্মীয়-স্বজন ওই পার্কে বেড়াতে যায়। বেলা আড়াইটার দিকে পার্কের অভ্যন্তরে ঝুলন্ত ব্রিজে ওঠার পর লাফালাফি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটনা ঘটে। এ সময় কর্মচারীরা উভয় পক্ষকে পার্কের মিলনায়তনের সামনে নিয়ে আসে।
 
এদিকে আলাল মাষ্টারের পরিবারের লোকজন ঘটনাটি মোবাইল ফোনে এলাকার তাদের আত্মীয়-স্বজনদের জানায়। ২০-২৫ মিনিট পর ওই এলাকা থেকে ৪০-৫০জন লোক সাফারী পার্কে ছুটে আসে। তারা মিলনায়তনের সামনে থাকা ঢাকার ওই যুবকদের উপর হামলা চালিয়ে মারপিট করে। তাদের চিৎকার ও দৌঁড়াদৌঁড়িতে পার্কের অন্য দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। এ সময় পার্কের কর্মচারীরা উদ্ধারে এগিয়ে আসলে  মলাকারীরা তাদের উপরও চড়াও হয়।  এসময় পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে । এক পর্যায়ে সাফারী পার্ক কর্তৃপক্ষ ৩ রাউন্ড ফাকাঁ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে পার্ক থেকে বের করে দিলে পরিস্থিতি শান্ত হয়।
 
পার্কের ইনচার্জ রেঞ্জ কর্মকর্তা শিবু প্রসাদ ভট্টাচার্য জানান, পরিস্থিতি সামাল দিতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়া হয়। ওই যুবকদের রাজেন্দ্রপুর এলাকায় নিয়ে নিরাপদে বাসে তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় পার্কের বেশ কিছু চারাগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।