শ্রীলঙ্কা-কোচের দৌড়ে হাতুরুসিংহের নাম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ০০:৩২

মধুচন্দ্রিমাও বুঝি এতো সুন্দর হয় না।

 
বাংলাদেশ ক্রিকেট দল ও চান্দিকা হাতুরুসিংহের সম্পর্ক গত বছর খানেকে অসামান্য এক পর্যায়ে উন্নীত হয়েছে। প্রথম কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব পালন করতে গিয়ে হাতুরুসিংহে নিজেও প্রথম ধাক্কা কাটিয়ে অসামান্য এক সময় কাটাচ্ছেন। আবার তার স্পর্শে বাংলাদেশ দলও যেন অন্য মাত্রার এক দল হয়ে উঠেছে—অকল্পনীয় জয়ের ধারায় ঢুকে গেছে অন্তত বাংলাদেশ ওয়ানডে দল।
 
হঠাত্ করেই এই সম্পর্কটাকে একটু শঙ্কায় ফেলে দিয়েছে শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবে মারভান আতাপাত্তুর পদত্যাগ। দলটির নিয়মিত কোচের হঠাত্ পদত্যাগের পর আন্তর্জাতিক মিডিয়ায় জোর গুঞ্জন, শ্রীলঙ্কান বোর্ড (এসএলসি) খুব করে চাইছে দলের দায়িত্ব নিন হাতুরুসিংহে বা গ্রাহাম ফোর্ড।
 
তবে গতকাল পর্যন্ত অন্তত এই গুঞ্জনে খুব একটা শঙ্কিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন পরিষ্কার বললেন, এরকম কোনো সম্ভাবনা তিনি দেখেন না। কারণ, হাতুরুসিংহে এখন বাংলাদেশ নিয়েই ভাবছেন শুধু। বাংলাদেশ দল নিয়ে বেশ কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করছেন তিনি এখন। যদিও এই মুহূর্তে ছুটিতে থাকা কোচকে মোবাইলে পাওয়া যায়নি এ বিষয়ে মন্তব্য করার জন্য।
 
ভারতের বিপক্ষে ২২ বছর পর টেস্ট সিরিজ পরাজয়ের পর নিজের পদ থেকে সরে দাঁড়ান শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটসম্যান ও কোচ আতাপাত্তু। তার পদত্যাগপত্র দ্রুতই গ্রহণ করে নিয়েছে এসএলসি। এর পরপরই ভারতীয় পত্রিকা হিন্দুস্থান টাইমস থেকে শুরু করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বিষয়ক অনলাইন পত্রিকা ক্রিকেট ডট কম ডট এইউ অনুমান করেছে, এসএলসি এই পদে এখন হাতুরুসিংহে বা তাদেরই সাবেক কোচ ফোর্ডকে প্রস্তাব দেবে।
 
হাতুরুসিংহে এর আগে সাঙ্গাকারা, জয়াবর্ধনেদের জাতীয় দলে ট্রেবল বেলিসের সময়ে ছায়া কোচ ছিলেন। সে সময় বোর্ডের সঙ্গে মনোমালিন্য হওয়ায় সরিয়ে দেয়া হয় এই কোচকে। সে সময় কুমার সাঙ্গাকারা বোর্ডকে বিশাল এক চিঠি লিখে অনুরোধ করেছিলেন হাতুরুসিংহেকে রাখার জন্য। সাঙ্গা লিখেছিলেন, ‘শ্রীলঙ্কার উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেরকম দর্শনের কোচ আমরা কল্পনা করি, চান্দিকা তেমনই একজন মানুষ।’
 
সে অনুরোধে কাজ হয়নি। হাতুরুসিংহে এরপর কিছু পর্ব পার করে অস্ট্রেলিয়ায় থিতু হন। সেখানে নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডার্সের মতো বিশাল দুটি দল এক হাতে সামলেছেন। এরপর বাংলাদেশের পর্ব তো জানাই। গত নভেম্বর থেকে টানা জয়, বিশ্বকাপে দারুণ সাফল্য, ঘরের মাটিতে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো।
 
এমন কোচকে হারানোর শঙ্কা তৈরি হলে সেটা বড় ব্যাপার। তবে প্রধান নির্বাহী বলে দিলেন, ‘আমি সে শঙ্কার  কোনো কারণ দেখি না। কারণ, কোচ বাংলাদেশে খুশী আছে বলে আমরা মনে করি। সবচেয়ে বড় কথা, এই দল নিয়ে তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে।’