৩৮ বছর পরে ভারতে আসছেন পেলে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৪৬
 
প্রায় ৩৮ বছর পরে আবারো ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন ফুটবল কিংবদন্তী পেলে। আগামী মাসে নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য সুব্রত কাপ টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে হয়ত পেলেকে দেখা যেতে পারে বলে আয়োজকরা আশাবাদী।
 
আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বয়সভিত্তিক এই টুর্নামেন্টের সাতটি বিদেশি দলসহ শ’খানেকেরও বেশি স্কুল দল অংশ নিবে। এর মধ্যে বাংলাদেশ থেকে কয়েকটি স্কুল ফুটবল দলের অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ব্রাজিল, ইউক্রেন ও আফগানিস্তান থেকে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ বালক ও অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে কয়েকটি দল অংশ নেবে।
 
সর্বশেষ ১৯৭৭ সালের ২৪ অক্টোবর কলকাতায় মোহন বাগানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কসমস দলের হয়ে পেলে ভারত সফরে এসেছিলেন। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ঐতিহাসিক ম্যাচটিতে পেলের দুই গোলে ম্যাচটি ২-২ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। ঐ ম্যাচে পেলে ছাড়াও জার্মান লিজেন্ড বেকেনবাওয়ার ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস আলবার্তো অংশ নিয়েছিলেন।

খবর বাসসের।