চতুর্থ রাউন্ডে সেরেনা ও ভেনাস

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৮:০১
 
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিসে মহিলা এককের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন উইলিয়ামস পরিবারের দুই কন্যা শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা ও ভেনাস। দুই বোনের জয়ের দিন তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন পঞ্চদশ বাছাই পোল্যান্ডের অগনিয়েস্কা রাদওয়ানস্কা।
 
বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম ইতোমধ্যেই ঘরে তুলেছেন সেরেনা। এবার লক্ষ্য বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের শিরোপার স্বাদ নেয়া। তবেই রেকর্ড বইয়ে স্বর্ণাক্ষরে লেখা হবে সেরেনার নাম।
 
কারণ স্টেফি গ্রাফের পর বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ড গড়বেন সেরেনা। তাও ২৭ বছর পর। সর্বশেষ ১৯৮৮ সালে বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছিলেন গ্রাফ। গ্রাফের পাশে নিজের নাম লেখার পথে ভালোভাবেই টিকে রয়েছেন সেরেনা। তৃতীয় রাউন্ডের বাঁধা পেরিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন তিনি। তবে এ রাউন্ডে কিছুটা বেগ পেতে হয়েছে সেরেনাকে।
 
স্বদেশি অবাছাই বেথানি ম্যাটেক স্যান্ডসের কাছে তো প্রথম সেট হেরেই বসেন সেরেনা। সেট জিতে যতটা না অবাক হয়েছেন স্যান্ডস, তার চেয়ে সেট হেরে অবাক হয়েছেন সেরেনা নিজেই। তাই তো টনক নড়ে তার। আর দ্বিতীয় সেটেই দারুণভাবে ঘুড়ে দাঁড়ান সেরেনা। ৩৭ মিনিটের ব্যবধানে ৬-৩ গেমে প্রথম সেট জয়ী স্যান্ডস, দ্বিতীয় সেটে হার মানেন। তবে এই সেটেই কঠিন পরীক্ষার মাঝে পড়েছিলেন সেরেনা। শেষ পর্যন্ত ভাগ্যের জোড়ে ৭-৫ গেমে সেটটি জিতে ম্যাচে সমতা আনেন সেরেনা। দ্বিতীয় সেটে লড়াই হয়েছে ৪৭ মিনিট।
প্রথম দু’সেটে স্যান্ডসের খেলার ধরনে অবাকই হন সেরেনা। ফলে তৃতীয় ও শেষ সেটে স্বরূপে ফিরে আসেন তিনি। আক্রমণাত্মক টেনিস খেলে স্যান্ডসকে ঐ সেটে দাঁড়াতেই দেননি সেরেনা। ফলে মাত্র ২৫ মিনিট সময় ব্যয় করে ৬-০ গেমে সেটটি জিতে ম্যাচের ইতি টানেন সেরেনা। সেই সাথে তৃতীয় রাউন্ডে নিজের জায়গা পাকাপোক্ত করেন উলিয়ামস পরিবারের ছোট কন্যা সেরেনা।
 
তবে ম্যাচ শেষে খুব বেশি উচ্ছ্বসিত হতে পারেননি সেরেনা। তিনি বলেন, ‘হ্যাঁ, শেষ পর্যন্ত আমি ম্যাচটি জিতেছি। কিন্তু ভালো খেলতে পারিনি। আমি অনেকগুলো ব্রেক পয়েন্ট নিতে পারিনি। আশা করছি পরের ম্যাচে এসব ভুল আর হবে না।’
 
ছোট বোনের মতো কোর্টে খুব বেশি ঘাম ঝড়াতে হয়নি বড় বোন ভেনাসকে। দ্বাদশ বাছাই বেলিন্ডা বেনসিসের বিরুদ্ধে মাত্র ১ ঘন্টা ১৮ মিনিট লড়াই করেন ভেনাস। তাতেই সরাসরি সেটে ম্যাচটি জিতে নেন তিনি। ৩৩ মিনিট লড়াই করার পর ৬-৩ গেমে প্রথম সেট জিতেন ভেনাস। দ্বিতীয় সেটে লড়াই করার চেষ্টা করেছিলেন বেনসিস। কিন্তু সেই লড়াই শেষ পর্যন্ত বিফলে গেছে। কারণ ৪৫ মিনিটের ব্যবধানে ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেন ভেনাস। ম্যাচ জয়ের পর ভেনাস বলেন, ‘ভালো খেলেই ম্যাচটি জিতেছি। এভাবেই পরের ম্যাচগুলো খেলতে চাই।’
 
দুই বোনের জয়ের দিন টুর্নামেন্ট থেকে বিদায় নেন রাদওয়ানস্কা। তৃতীয় রাউন্ডে রাদওয়ানস্কা মুখোমুখি হয়েছিলেন উনিশতম বাছাই যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কেসের । ১ ঘন্টা ৭০ মিনিট লড়াই করে ৬-৩ ও ৬-২ গেমে তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে নেন কেস।

খবর বাসসের।