অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মন্তব্য করে বলেছেন, প্রচলিত কর আইন আরো সহজ করা প্রয়োজন।
রবিবার সকালে সচিবালয়ের কর্মকর্তাদের আয়কর রিটার্ন দাখিল ও তথ্যপ্রদানের লক্ষ্যে স্থাপিত পরামর্শকেন্দ্রের (কর তথ্য ও সেবা কেন্দ্র) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সচিবালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে ৬ থেকে ১০ সেপ্টেম্বর ব্যাপী সেবাকেন্দ্রটির আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অর্থমন্ত্রী বলেন, কর দিতে গিয়ে অনেকেই মনে করেন তিনি আটকে গেলেন। করের আওতায় এসে আটকে যাওয়ার ভয়ে অনেকেই আয়কর দেন না। আয়কর আইনের সেলফ অ্যাসেসমেন্ট ধারাটি সংশোধন করে সহজ করা হলে আর সকলেই কর দিতে আগ্রহী হবেন। আইন করার সময় মানবিক দিকগুলো বিবেচনা করা উচিৎ বলেও জানান তিনি।
এনবিআর চেয়ারম্যানের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণ যেন বলতে না পারে এনবিআর আমাকে জ্বালাতন করে, তাই আমি কর দিই। ১৬ কোটি মানুষের মধ্যে কর দেয় মাত্র ১৭ লাখ। এটি বৃদ্ধি করে ৩০ লাখে নিয়ে যেতে হবে।
