প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া। তাই পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টির আগে জয় ভিন্ন অন্য কিছুই ভা্বতে পারছে না স্বাগতিক ইংল্যান্ড।
এ্যাশেজ ও একমাত্র টুয়েন্টি টুয়েন্টি হারলেও ওয়ানডে ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দাপুটে খেলা খেলছে। সাউদাম্পটনে সিরিজের প্রথম ম্যাচেই ৫৯ রানের জয় দিয়ে সিরিজে শুভ সূচনাই করে ম্যাক্সওয়েল-ওয়ার্নাররা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৬৪ রানে হারায় ইংল্যান্ডকে ।
সিরিজ বাঁচাতে ম্যানচেস্টারে জয় ভিন্ন কোনো বিকল্প নেই ইংল্যান্ডের। সিরিজে ফিরতে মরিয়া ইংলিশ অধিনায়ক ইয়োইন মরগান বলেন, প্রথম দুই ম্যাচে কোন বিভাগেই শতভাগ ভালো খেলতে পারিনি আমরা। ব্যাটিং-বোলিং দু’বিভাগেই ব্যর্থ হয়েছি। সিরিজ বাঁচাতে হলে তৃতীয় ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প উপায়ও নেই আমাদের সামনে। তাই তৃতীয় ম্যাচেই সেরা নৈপুণ্যটা সবাইকে ঢেলে দিতে হবে। আশা করছি আমরা সফল হবো।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও চাইছেন দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিতে। তিনি বলেন, এই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইছি আমরা। এ বিষয় নিয়ে দলের সবার সাথেই মিটিং হয়েছে। সতীর্থ সিরিজ জিততে মুখিয়ে আছে। বাসস
