গায়ক রায়না!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১১:৫৫

বলিউডের ছবিতে গায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়নার। নয়া পরিচালক জেইসান কুয়াদ্রির প্রথম ছবি ‘মেরুথিয়া গ্যাংস্টার্সে’ গান গাইবেন বাঁ-হাতি ব্যাটসম্যান রায়না।


ভারতের ওয়ানডে দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রায়না। ব্যাট হাতে দলের প্রয়োজনে রান করার পাশাপাশি, ফিল্ডার হিসেবে মাঠে নিজেকে উজাড় করে দেন তিনি। তাই ফিল্ডার হিসেবেও দলে তার সুনামটা অনেক বেশি। সেই সুনামটা এবার বলিউডেও পাওয়ার সুযোগ পেয়েছেন রায়না। পরিচালক হিসেবে জেইসানের প্রথম ছবি ‘মেরুথিয়া গ্যাংস্টার্সে’ গান গাইবেন ২৮ বছর বয়সী রায়না।


গান গাওয়ার বিষয়টি নিজেই স্বীকার করে রায়না বলেন, মুম্বাইয়ে গানের রেকর্ডিং হবে। এই ধরনের কাজ এই প্রথম করতে যাচ্ছি আমি। আগে কখনো গান করিনি। পুরনো দিনের হিন্দি গান আমার খুব ভালো লাগে। এ কারণেই গান গাইতে রাজি হয়েছি আমি। পুরনো দিনের গানই রেকর্ডিং হবে।


চিত্রনাট্যকার হিসেবে বলিউডে বেশি জনপ্রিয় জেইসান  এবার পরিচালক হিসেবে নিজেকে জনপ্রিয় করতে চাইছেন।   জনপ্রিয়তায় সঙ্গী হিসেবে জাতীয় দলের ক্রিকেটারকে চান তিনি । তিনি বলেন, রায়নাকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনা আমার অনেক দিন ধরেই। অবশেষে সেই সুযোগ এসেছে। আর রায়নারও আগ্রহ রয়েছে। আমার প্রস্তাবে রায়না রাজি হওয়ায় আমি কৃতজ্ঞ। বাসস