আগামী মাসে এক সপ্তাহের ভারত সফরে ফুটবল কিংবদন্তী পেলে ভারতীয় ক্রিকেট সেনসেশন শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির সাথে সাক্ষাত করবেন।
প্রায় ৩৮ বছর পরে কলকাতার মাটিতে পা রাখতে যাচ্ছেন ফুটবলের কালো মানিক পেলে। সর্বশেষ ১৯৭৭ সালের ২৪ অক্টোবর কলকাতায় মোহন বাগানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কসমস দলের হয়ে পেলে ভারত সফরে এসেছিলেন।
ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ঐতিহাসিক ম্যাচটিতে পেলের দুই গোলে ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ঐ ম্যাচে পেলে ছাড়াও জার্মান লিজেন্ড বেকেনবাওয়ার ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস আলবার্তো অংশ নিয়েছিলেন।
পেলে মূলত দিল্লীতে অনুষ্ঠিতব্য ভারতীয় অনুর্ধ্ব-১৪ ও অনুর্ধ্ব-১৭ সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। এছাড়া ১৩ অক্টোবর ভারতীয় সুপার লীগে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে অ্যাটলেটিকো ডি কলকাতার প্রথম হোম ম্যাচে উপস্থিত থাকবেন পেলে। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এই ম্যাচটিতে উপস্থিত হয়ে দুই দলের দুই মালিক সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকারের সাথে পেলের সাক্ষাতের কথা রয়েছে।
৭৪ বছর বয়সী পেলে সফর প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, এই ধরনের একটি সফর করার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্ববোধ করছি। ভারত একটি বিশেষ দেশ, অনেক বছর আগের এখানকার দারুন কিছু স্মৃতি আমার রয়েছে। এখানকার সমর্থকরা অসাধারণ। ভারত একটি ফুটবল পাগল জাতি। নতুন প্রজন্মের ফুটবল ভক্তদের দেখতে আমি মুখিয়ে আছি। বাসস
