সিরীয় শরণার্থীদের স্বাগত জানাবে ব্রাজিল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫৭
 
ব্রাজিল হাত বাড়িয়ে সিরীয় শরণার্থীদের স্বাগত জানাবে। যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লোক পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট দিলমা রুসেফ সোমবার এ কথা বলেন। 
 
ব্রাজিলের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় রুসেফ বলেন, ‘যারা নিজ দেশ থেকে পালিয়ে আসছে তাদের স্বাগত জানাতে ব্রাজিলের আগ্রহের কথা আমি পুনর্ব্যক্ত করতে চাই। তারা এখানে এসে বাস করুক এবং ব্রাজিলের শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখুক।’ তিনি আরো বলেন, ‘বিশেষ করে সংকটকালীন এই কঠিন সময়ে আমরা হাত বাড়িয়ে তাদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি।’

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরুর পর থেকে ব্রাজিল ২ হাজারের বেশী সিরীয় শরণার্থী গ্রহণ করেছে। দক্ষিণ আমেরিকার যে কোন দেশের চেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে ব্রাজিল। তার মধ্যে গত বছর এক হাজার ৪০৫ জন সিরিয়ার নাগরিককে আশ্রয় দিয়েছে দেশটি। সূত্র: এএফপি