ইউরোপের বর্ষসেরা ক্লাবের খেতাব পেল বার্সেলোনা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ২১:২০
 
ইউরোপের বর্ষসেরা ক্লাবের খেতাব পেল স্প্যানিশ দল বার্সেলোনা। ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জয়ের পুরস্কার হিসেবে ইউরোপের সেরা ক্লাবের স্বীকৃতিটা বার্সেলোনাকেই দিলো ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ)। গতবার বর্ষসেরা ক্লাব হয়েছিলো রিয়াল মাদ্রিদ। 

গত আসরে ক্লাব ফুটবলের সেরা তিনটি শিরোপাই ঘরে তুলেছিলো বার্সেলোনা। লুইস এনরিকের অধীনে স্প্যানিশ লীগ, কোপা ডেল’রে ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে ট্রেবল জয় করে বার্সেলোনা। তাই সোমবার রাতে জেনেভায় ইসিএ-এর পদক অনুষ্ঠানে বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পায় বার্সা। 
 
এছাড়া সেরা ‘স্পোর্টিং ক্লাব’ বিবেচিত হয় ইউক্রেনের ফুটবল দল দিনপ্রো। ‘বেস্ট কমিউনিটি এন্ড সোশ্যাল রেসপনসিবিলিটি প্রোগ্রাম’ অ্যাওয়ার্ড জিতেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। সামাজিক দায়িত্ব পালনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় এই ট্রফি জিতে নেয় আর্সেনাল। 
 
আর স্থানীয় স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের ব্যবস্থার উন্নয়নে ‘বেস্ট অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এস্তোনিয়ার দল লেভাদিয়া তাল্লিন। সূত্র: এএফপি