দুই দিন ধরে পুঁজিবাজারের সার্বিক মূল্য সূচক ও লেনদেন কমছে। এতে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেন ৪১৫ কোটি টাকায় নেমে এসেছে।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে বাজার থেকে টাকা তুলে নেয়ার প্রবণতা রয়েছে। এতে টানা দ্বিতীয়দিনের মতো বাজারে সূচক কমেছে।
বাজারে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ খাতের। এ খাতে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৫৭ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৯ শতাংশ।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৭৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২৯ কোটি ৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৬১ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৬০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
