শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ড্রেজিংয়ের জন্য আগামীকাল শুক্রবার থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। গতকাল বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে নৌ পরিবহন মন্ত্রীর পিআরও জাহাঙ্গীর আলম জানান। এসময় যাত্রী, যানবাহন মালিক/চালকদের বিকল্প পথ ব্যবহারের জন্য বলা হয়।
এই নৌ-রুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে বিআইডব্লিউটিসির রো রো ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর থেকে ফরিদপুর, কুসুমকলি ও ক্যামেলিয়া নামে ৩টি ছোট আকারের ফেরি দিয়ে সীমিত সার্ভিস চালু আছে। এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির এজিএম মো. আশিকুজ্জামান জানান, নাব্য সংকটের কারণে দীর্ঘদিন থেকে এই রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই সমস্যা নিরসন করে চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করার জন্য এবং দ্রুত ড্রেজিংয়ের কাজ শেষ করতে আগামী পাঁচ দিন এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ খান জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে পদ্মা সেতুর কাজে ব্যবহূত সিনো হাইড্রোর উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজারসহ আটটি ড্রেজার কাজ করছে।
