কোহলি বিশ্বের সেরা: স্টিভ ওয়াহ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২১:২১
 
ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করে তাকেই বিশ্বের নতুন প্রজন্মের সেরা ক্রিকেটার হিসেবে অভিহিত করেছেন সাবেক অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।
 
ভারতীয় এই ব্যাটসম্যানের খেলা অস্ট্রেলিয়ার এই কিংবদন্তী ক্রিকেটারকে এতটাই মুগ্ধ করেছে যে নিজের ১৬ বছর বয়সী পুত্র অস্টিনকে কোহলির মতো খেলার পরামর্শ দিয়েছেন।
 
চলতি বছর ভারতীয় টেস্ট দলের পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন ২৬ বছর বয়সি কোহলি। গত মাসে তিনি শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ২২ বছর পর ভারতকে টেস্ট সিরিজ জিতিয়ে দিয়েছেন নতুন এ অধিনায়ক।
 

বিংশ শতাব্দির শুরুতে অস্ট্রেলিয়ার স্বর্ণালী যুগে জাতীয় দলের নেতৃত্ব দেয়া ওয়াহ মনে করছেন কোহলির বেশ উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় তিনি বর্তমানে সম্ভবত বিশ্বের সেরা ব্যাটসম্যান। তার খেলার কৌশলও দুর্দান্ত। আমার ১৬ বছর বয়সী একটি ছেলে আছে। তাকে বলেছি সে যদি কাউকে ‘রোল মডেল’ হিসেবে নেয় তাহলে যেন বিরাট কোহলির কথা চিন্তা করে। সে যেন খেলার সময় কোহলিকে অনুসরণ করে।’