ভারত অতিরিক্ত ১ হাজার টন পেঁয়াজ আমদানি করছে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৩১

 ভারত সরকার দেশের পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মূল্যবৃদ্ধি ঠেকাতে অতিরিক্ত ১ হাজার টন পেঁয়াজ আমদানি করছে। দেশটির খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।


কেন্দ্র দিল্লী সরকার ও মাদার ডেইরিকে ভারতের রাজধানীতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ভর্তুকি হারে পেঁয়াজ বিক্রি করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার খাদ্য ও ভোক্তা সম্পর্কিত মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের সভাপতিত্বে এক বৈঠকে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


বৈঠকে খাদ্য, ভোক্তা সম্পর্কিত ও কৃষি বিভাগের সচিবগণের পাশাপাশি দিল্লী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নাফেড, এসএফএসি ও মাদার ডেইরির মতো সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের পর পাসওয়ান সাংবাদিকদের বলেন, আগের আমদানির পাশাপাশি আরো ১ হাজার টন পেঁয়াজ আমদানির ফলে আগামী দিনগুলোতে দেশে পেঁয়াজের মজুত বৃদ্ধি পাবে এবং এর মূল্যও স্থিতিশীল হবে। কেন্দ্রীয় সরকার চীন ও মিশর থেকে ২ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য দুটি টেন্ডারের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে।


১ হাজার টনের প্রথম চালানটি বৃহস্পতিবার আসবে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শেষ নাগাদ অপরিহার্য ভোগ্য পণ্যটি বাজারে আসবে। দ্বিতীয় চালানটি পরবর্তি মাসের প্রথম পাক্ষিকে আসবে বলে আশা করা হচ্ছে। বাসস