হেডিংলিতে চতুর্থ ওয়ানডেতে তিন উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ৩০০ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে গেছে তারা।
হেডিংলিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২৯৯ রান করে অস্ট্রেলিয়া। টপ অর্ডারে কেউ রান করতে না পারলেও জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথিউ ওয়েড এর তিনটি অর্ধশত রানের উপর ভর করে বড় সংগ্রহই গড়ে তুলে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ৬৪ বলে করেন ৮৫ রান। ডেভিড উইলি তিনটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অ্যালেক্স হেলসের উইকেটটি হারালেও পথ হারায়নি ইংল্যান্ড। অধিনায়ক ইয়ন মর্গানের ৯২ বলে ৯২ রানের ইনিংসটাই ইংলিশদের জয়ের ভিত্তি গড়ে দিয়েছে। দলীয় ২৩৮ রানে মর্গান পঞ্চম উইকেট হিসেবে ফিরে যান। শেষ পর্যন্ত ম্যাচের ৪৯ তম ওভারে গিয়ে ম্যাচের নিষ্পত্তি হয়। তিন উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স চার উইকেট নেন।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিলো ইংল্যান্ড। সেখান থেকে টানা দুই ম্যাচ জিতে সমতায় ফিরেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী রবিবারে মুখোমুখি হবে এই দুই দল। ক্রিকইনফো
