ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে ড্রাগ টেস্ট আরো বড় পরিসরে আয়োজনের ঘোষণা দিয়েছে উয়েফা। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ইউয়েফা জানিয়েছে, উয়েফা ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে ইউয়েফা আরো বড় পরিসরে ড্রাগ টেস্টের প্রক্রিয়াটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এত বড় পরিসরে এই ধরনের কার্যক্রম এর আগে কখনই সংঘঠিত হয়নি। ইউয়েফার বার্ষিক কর্মসূচির আওতায় আগামী ১ জানুয়ারি থেকে অংশগ্রহণকারী সবগুলো দলের সম্ভাব্য খেলোয়াড়দেরই এই টেস্টে অংশ নিতে হবে। প্রাক টুর্নামেন্টের পাশপাশি ফ্রান্সে আসার পরেও দলগুলোর টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে।
এছাড়া এ্যাথলেটিক্স ও সাইক্লিংয়ের মত উয়েফাও ফুটবলারদের জন্য বায়োলজিকাল পাসপোর্টের ব্যবহার শুরু করতে যাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউয়েফা ২০১৫/১৬ মৌসুমে যে ধরনের শক্তিশালী এন্টি ডোপিং প্রোগ্রাম পরিচালনা করতে যাচ্ছে তা আগে কখনই ইউরোপীয়ান ফুটবলে হয়নি। অন্যান্য সব খেলার মতই ফুটবলেও এই বিষয়টিতে ইউয়েফা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করতে চায়। বাসস
