মরিনহোর মন ভালো নেই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০২
 
উদ্ধত মন্তব্য আর প্রতিপক্ষকে কথায় কথায় চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার জন্য বিখ্যাত চেলসি কোচ হোসে মরিনহো। তার কথার বানে ক্ষত-বিক্ষত হয়েছেন অনেকেই। সেই মরিনহো এবার বেশ ঠান্ডা মেজাজেই জানালেন, তার মন ভালো নেই।
 
ইংলিশ লিগের এ মৌসুমের শুরুটা ভালো হয়নি তার দল চেলসির। গতবারের চ্যাম্পিয়নরা চার ম্যাচ থেকে সংগ্রহ করেছে মাত্র চার পয়েন্ট। যা ১২ হওয়ার কথা ছিল। এ অবস্থায় তাকে দল থেকে বরখাস্ত করা হতে পারে বলেও গুজব উঠেছে। তবে সেই আশঙ্কার কথা উড়িয়ে দিলেন এই পর্তুগিজ। বললেন, ‘আমি অসুখি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে দলের সবাই কঠোর পরিশ্রম করছে। দল আমাকে সরাতে চায় না।’
 

হাল ছাড়ছেন না পৃথিবী সেরা বেশ কয়েকটি দলের দায়িত্বপালন করা এই কোচ। বলেছেন, ‘আমি ক্লাব ছাড়তে চাই না, সেটা যে কোনো পরিস্থিতিতে। ক্লাবও আমাকে ছাড়তে চায় না।’ এই বলে ভক্তদেরও আশ্বস্ত করলেন মরিনহো।