ইন্দো-পাক সিরিজ নিয়ে আইসিসি’র সাম্প্রতিক মন্তব্যে উজ্জীবিত হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটের বিশ্ব নির্বাহী সংস্থার সভাপতি জহির আব্বাসের সহযোগিতা কামনা করেছে।
এ সম্পর্কে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, কয়েকদিন আগে আমার জহির আব্বাসের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে। আমি তাকে অনুরোধ জানিয়েছি সিরিজটি ডিসেম্বরে অনুষ্ঠানের ব্যপারে তিনি যেন আইসিসি’র সভাপতি হিসেবে ভারতীয় বোর্ডকে এ ব্যপারে রাজী করতে সহযোগিতা করেন। দুই দেশের সম্পর্কের কারনেই এই সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়াটা গুরুতপূর্ণ। জহিরকে ভারতে সবাই বেশ শ্রদ্ধা করে। এছাড়া আইসিসি’র সভাপতি হিসেবেও তার আলাদা একটি পরিচয় হয়েছে। আশা করছি জহির এ ব্যাপারে আমাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবেন ।
সিরিজের নিশ্চয়তার আশ্বাস চেয়ে শাহরিয়ার খান ইতোমধ্যেই বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুরের কাছে যে চিঠি লিখেছিলেন সে ব্যপারে ভারত থেকে কোন ধরনের সাড়া পাওয়া যায়নি। গত বছর আইসিসিতে তিন মোড়ল পদ্ধতি চাল হবার পরে দ্ইু বোর্ডের মধ্যে সমঝোতার ভিত্তিতে একটি এমওইউ স্বাক্ষরিত হয় যেখানে শর্ত ছিল ছয় বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে ছয়টি সিরিজ অনুষ্ঠিত হবে।
কিন্তু ভারতীয় সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারত রাজি হলে এই সিরিজ আয়োজন কঠিন হয়ে পড়বে।
এদিকে জহির আব্বাস বলেছেন, একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমিও চাই সিরিজটি যথাসময়ে অনুষ্ঠিত হোক। আমি মনে করি এর মাধ্যমে ক্রিকেট তথা ইন্দো-পাক সম্পর্কের উন্নতি ঘটবে।
আইসিসি’র প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনও সিরিজের গুরুত্ব অনুধাবন করে বলেছেন নিরপেক্ষ ভেন্যুতে সিরিজটি অনুষ্ঠানের ব্যাপারে আমরা সবাই এখন ভারতীয়দের ইতিবাচক মনোভাবের অপেক্ষায় আছি। বাসস
