ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক সাউথ জোন উদযাপন করল তাদের সাফল্য। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত 'সেলিব্রেটিং উইথ ভিক্টোরস' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আর বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে. চৌধুরী।
অনুষ্ঠান আলোকিত করেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তাসকিন আহমেদ-সহ তারকা ক্রিকেটাররা। আর প্রাইম ব্যাংক সাউথ জোনের সাম্প্রতিক সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দেয়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞ ক্রিকেটার। দলের হেড কোচ ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের আমন্ত্রণে এ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকবৃন্দ, সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিভিন্ন ক্লাবের শীর্ষ কর্মকর্তা, প্রাইম ব্যাংক লিমিটেডের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি-সহ ক্রীড়াঙ্গনের অনেকে।
"দেশীয় ক্রিকেটে নবীনতম ক্লাব হলেও, পেশাদারিত্ব, একাগ্রতা, নিবিড় অধ্যবসায় আর সততার সঙ্গে কাজ করে যাওয়ার স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।" প্রধান অতিথির বক্তব্যে এসব উল্লেখ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান আশাবাদ ব্যক্ত করে বলেন, ক্লাবটির অগ্রযাত্রা ভবিষ্যতে অব্যাহত থাকবে। অন্যদিকে বিশেষ অতিথির বক্তব্যে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে. চৌধুরী আশ্বাস দেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রাইম ব্যাংক তার সহায়তা ভবিষ্যতেও ধরে রাখবে। একই সঙ্গে ক্লাবের সাম্প্রতিক সাফল্য ধরে রাখতে ভবিষ্যতে আরও নতুন নানা পরিকল্পনা নিবে সংশ্লিষ্টরা এমন আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কেক কেটে বিজয় উদযাপন শুরু করেন আমন্ত্রিত অতিথি আর ক্লাবের ক্রিকেটার, কোচ, কর্মকর্তা-সহ প্রাইম ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।
