পুঁজিবাজারে সোমবার দিনভর ওঠা-নামার পর সার্বিক মূল্য সূচক কিছুটা বেড়েছে। সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৫৭ কোটি টাকা। লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল ইঞ্জিনিয়ারিং খাত। এ খাতে লেনদেন হয়েছে ৮০ কোটি ৪৩ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের সাড়ে ১৭ শতাংশ।
বাজারে লেনদেনের ক্ষেত্রে ছোট মূলধনী কোম্পানিগুলোর প্রভাব ছিল বেশি। আর মধ্য ও বড় মূলধনী কোম্পানিগুলো ছিল অনেকটাই আগের দিনের মতো।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৯ কোটি ২৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ২০ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৫১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
